ম্যাচ চলাকালে মাথায় বলের আঘাতে আর্জেন্টাইন ফুটবলারের মৃত্যু
যোগফল প্রতিবেদক:
ফুটবল মাঠে একটি দুর্ঘটনায় প্রাণ হারালেন আর্জেন্টিনার ১৮ বছর বয়সী তরুণ ফুটবলার আবেল নুনিয়েজ। সতীর্থদের সঙ্গে ম্যাচ খেলতে নেমে মাথায় বলের আঘাত পান তিনি। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়া ও অস্ত্রোপচারের পরও শেষ পর্যন্ত বাঁচানো যায়নি তাকে। তার মৃত্যুতে আর্জেন্টিনার ফুটবল অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।
গত বৃহস্পতিবার আর্জেন্টিনার একটি যুব ফুটবল টুর্নামেন্টের ম্যাচে এ দুর্ঘটনা ঘটে। আবেল নুনিয়েজ এফসি এজেইজার ২০০৮ বয়সভিত্তিক দলের খেলোয়াড় ছিলেন।
ম্যাচের একপর্যায়ে মাথায় সরাসরি বলের আঘাত পান আবেল। পরে মাঠেই তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। অবস্থার অবনতি হওয়ায় দ্রুত একটি চিকিৎসাকেন্দ্রে নেওয়া হয়। দুর্ঘটনার পরপরই ম্যাচটি বন্ধ করে দেওয়া হয়। একই মাঠে ষষ্ঠ বিভাগের পরবর্তী ম্যাচটিও বাতিল করা হয়।
মাথায় গুরুতর আঘাত পাওয়ায় আবেলের অস্ত্রোপচার করা হয়েছিল। তবে চিকিৎসকদের প্রচেষ্টা সত্ত্বেও তার শারীরিক অবস্থার উন্নতি হয়নি। শেষ পর্যন্ত রোববার (১৫ নভেম্বর) তার মৃত্যুর খবর নিশ্চিত করে ক্লাব এফসি এজেইজা।
সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত শোকবার্তায় ক্লাবটি জানায়, একজন তরুণ খেলোয়াড়কে হারিয়ে তারা গভীরভাবে শোকাহত। তার সামনে পুরো জীবন পড়ে ছিল। এই অকাল মৃত্যু ক্লাবের জন্য অপূরণীয় ক্ষতি এবং তার রেখে যাওয়া শূন্যতা ভাষায় প্রকাশ করার মতো নয়।
তরুণ এই ফুটবলারের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন ক্লাবের সমর্থক ও ফুটবলসংশ্লিষ্ট ব্যক্তিরা।
তানজিলা আক্তার/ অনলাইন ডেস্ক / যোগফল.কম

আপনার মতামত লিখুন